সর্বশেষ:

এক হলেন দীঘি-রাফী, ‘চিটার’ বললেন তমা মির্জা »

এক হলেন দীঘি-রাফী, ‘চিটার’ বললেন তমা মির্জা

দু’জনই ঢাকাই চলচ্চিত্রের তারকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও তরুণ প্রজন্মের আলোচিত নির্মাতা রায়হান রাফী। এর আগে তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু হয়েছিল। যা কারও অজানা নয়। তবে সেই দ্বন্দ্বের অবসান ঘটার অপেক্ষায় ছিলেন দর্শকরা।

রাফী ও দীঘির দ্বন্দ্বটি ছিল ব্যাপক আলোচনায়। নির্মাতার ‘সুড়ঙ্গ’ সিনেমার নায়িকা তমা মির্জাকে ইঙ্গিত করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন দীঘি। লিখেছিলেন, তিন বছর ধরে ইন্ডাস্ট্রির সিন্ডিকেটের কবলে পড়ে বেশ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। বিভিন্ন সময় ইন্ডাস্ট্রির নোংরা পলিটিক্সের শিকারও হয়েছেন। আর তাকে একটি সিনেমায় নেয়ার জন্য নির্বাচিত করেও বাদ দিয়েছেন রাফী।

অভিনেত্রী দীঘির এই অভিযোগ ওই সময় নাকচ করে ‘দহন’ খ্যাত নির্মাতা বলেছিলেন, দীঘি নিজেই আমার সঙ্গে কাজের আগ্রহ প্রকাশ করেছে। এ নিয়ে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। তার অর্থ এই নয় যে, তাকে চূড়ান্ত করা হয়েছে।

এমনকি এ অভিনেত্রীকে পরামর্শ দিয়ে রাফী বলেছিলেন, তার উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ের দিকে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। শুধু যে আমার সিনেমা থেকে বাদ হয়েছে, বিষয়টি এমন না। অন্যরা কেন তাকে বাদ দিলো? তাহলে অবশ্যই ঘাটতি রয়েছে তার।

এ ঘটনার পর অবশ্য আর কখনো রাফী ও দীঘিকে একসঙ্গে দেখা যায়নি কোনো অনুষ্ঠানে। তবে এই সময়ের মধ্যে নিজেকে বেশ বদলে ফেলেছেন অভিনেত্রী। নিজেকে ফিট করে তুলেছেন এবং একইসঙ্গে টিকটক থেকেও সরে এসেছেন।

এবার সেই অতীত দ্বন্দ্বের অবসান হলো বুঝি। সম্প্রতি একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল রাফী ও দীঘিকে। নতুন একটি সিনেমার অনুষ্ঠানে রাফীর নির্মাণের বেশ প্রশংসা করেন দীঘি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমাটি সম্পর্কে কথা বলার সময় তার কাছে জানতে চাওয়া হয়, রাফীর সিনেমায় কবে দেখা যাবে তাকে? জবাবে দীঘি বলেন, সেটি তো রাফীই ভালো বলতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কখনো কাজ করতে সমস্যা নেই।

এদিকে গুঞ্জন উঠেছে নির্মাতা রাফীর সঙ্গে দূরত্ব বেড়েছে চিত্রনায়িকা তমা মির্জার। আগে গুঞ্জন ছিল, তারা নাকি প্রেমের সম্পর্কে ছিলেন এবং তা এখন বিচ্ছেদে রূপ নিয়েছে। এ নিয়ে রাফী জানিয়েছেন, তাদের মধ্যে কখনোই সেই ধরনের সম্পর্ক ছিল না। তবে ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল, যা আছে এবং থাকবে।

এ অবস্থায় রোববার (৬ অক্টোবর) রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে একটি স্টোরি দেন তমা মির্জা। স্টোরিতে তিনি লিখেছেন, ‘যে চিটার সে সবসময়ই চিটার।’ আর তিনটি বিষয় মাথায় রাখা উচিত উল্লেখ করে লিখেছেন, ‘১. একবার যে প্রতারণা করে সবসময়ই প্রতারণা করে। ২. একবার যে মিথ্যা বলে সে সবসময়ই মিথ্যা বলে এবং ৩. কেউ যদি তোমার হৃদয় ও বিশ্বাস ভাঙে, সেটা তার ভুল। কিন্তু তুমি যদি সেই ব্যক্তিকে ফের বিশ্বাস করে আবারও জায়গা দাও এবং ভালোবাসো, তাহলে সেটি হবে তোমার ভুল।’

আলোচিত এ নায়িকার হঠাৎ সোশ্যালে এমন স্টোরি দেখে প্রশ্নের বান বইছে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনদের মনে। সবারই প্রশ্ন, হঠাৎ কাকে উদ্দেশ্য করে এসেব বললেন? কেউ কেউ আবার পুরনো সম্পর্কের প্রসঙ্গেও টানছেন প্রিয় তারকা সম্পর্কে। তবে এ নিয়ে এখনো এখনো কিছু জানাননি নির্মাতা কিংবা অভিনেত্রী।

নিউজটি পড়েছেন 333 জন

সর্বশেষ সংবাদ