সর্বশেষ:

৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সা »

৯ বছর পর বায়ার্নকে হারাল বার্সা

বার্সেলোনার মরণ ফাঁদ খেতাবটা বায়ার্ন মিউনিখকে দেয়াই যায়। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বড় ক্ষতটা মনে হয় বায়ার্নেরই দেয়া। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের নিয়েও ৮-২ গোলে হারের কলঙ্ক লেগেছিল কাতালান জায়ান্টদের গায়ে।

সবশেষ দেখায়ও বড় হার সঙ্গী হয়েছে বার্সার। তবে চলতি মৌসুমে কাতালান জায়ান্টরা ভিন্ন রূপে হাজির হয়েছে। লা লিগায় প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক ম্যাচে।

এবার চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে বধ করল বার্সেলোনা। বায়ার্নের বিপক্ষে প্রায় ৯ বছর ধরে অধরা জয়ের দেখা মিলল। ২০১৪-১৫ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে বায়ার্নকে হারানোর পর ওদের বিপক্ষে যেন জিততেই ভুলে গিয়েছিল বার্সা।অবশেষে বায়ার্নের বিপক্ষে বার্সেলোনা সেই জয় পেল বুধবার (২৩ অক্টোবর)।

অলিম্পিক স্টেডিয়ামে আর ৪-১ গোলে জয় পায় বার্সেলোনা। এই জয়ের মূল কারিগর বায়ার্নেরই এক সময়ের কোচ হান্সি ফ্লিক, যিনি এখন বার্সেলোনার দায়িত্বে। এখানেই শেষ নয়, বার্সার গোলদাতার নামগুলো দেখুন। সেখানেও পাবেন এক সাবেক ‘বাভারিয়ান’কে‍‌-রবার্ট লেভানডফস্কি!

যদিও লেভাকে জয়ের মূল নায়ক বলা যাবে না। সেটা অবধারিতভাবে রাফিনিয়া। ব্রাজিলিয়ান এই উইঙ্গারই বায়ার্নের গোলমুখ খুলেছিলেন ম্যাচের একেবারে প্রথম মিনিটে। ৭৫ মিনিটে যখন দানি ওলমোকে সুযোগ দিতে তাকে তুলে নিলেন কোচ, রাফিনিয়ার হ্যাটট্রিক হয়ে গেছে তার বেশ আগেই। ৪৫ মিনিটে করেছিলেন নিজের দ্বিতীয় গোলটা, তিন নম্বরটা ৫৬ মিনিটে।

এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে এটি বার্সেলোনার দ্বিতীয় জয়। সমান ম্যাচে বায়ার্নের এটি দ্বিতীয় হার।

নিউজটি পড়েছেন 335 জন

সর্বশেষ সংবাদ